যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক
জনপ্রিয় ঢালিউড চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে থাকার জন্য প্রয়োজনীয় ‘গ্রিন কার্ড’ পেয়েছেন তিনি।
দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। ২০২৩ সালের দিকে দেশটিতে পাড়ি জমান এই অভিনেত্রী। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি।
ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গত শনিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রিন কার্ড পাওয়ার খবর জানান মৌসুমী। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় গত তিন বছরে তাঁর দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। অবশেষে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পান। নির্দিষ্ট সময় অবস্থান এবং অভিবাসন আইনের অন্যান্য শর্ত পূরণ করলে তাঁরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতাও অর্জন করতে পারেন।
