মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
বিশেষ প্রতিনিধি
মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিকদের করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে এসব বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন করেছিল। শুনানিতে তিনি আদালতকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান সম্পর্কে অবহিত করেন।
আইনজীবী বলেন, সড়ক পরিবহন আইনের ৪০ ধারায় গাড়ির কারিগরি বৈশিষ্ট্য ও মানদণ্ডের বিষয়টি নির্ধারণ করা হয়েছে। এসব কারিগরি শর্ত লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
এ ছাড়া আইনের ২৮ ধারায় রুট পারমিটের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না বলেও আদালতকে জানানো হয়।
বিআরটিএর আইনজীবী আরও বলেন, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাসের জন্য প্রয়োজনীয় অনুমতি না থাকায় হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেননি।
