বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষি ও মৎস্য শ্রমিক নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষি ও মৎস্য শ্রমিক নেবে ওমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষিশ্রমিক এবং ৫ হাজার মৎস্যশ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ৫ হাজার কৃষিশ্রমিক ও ৫ হাজার মৎস্যশ্রমিক নেওয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।

তিনি জানান, আগামী মাসে ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিভিন্ন কারণে বর্তমানে ওমানের ভিসা বন্ধ রয়েছে। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশিদের নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দক্ষ অভিবাসনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যেন ওমানের বিভিন্ন খাতে কাজের সুযোগ পান, সে বিষয়ে ওমান সরকারের সঙ্গেও আলোচনা চলছে। এ বিষয়ে দুই দেশই আগ্রহী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টিও ছিল।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *