শিশুর প্রথম ফ্লাইট, ২০০ যাত্রীর জন্য মায়ের উপহার
আন্তর্জাতিক ডেস্ক
চার মাস বয়সী ছেলে জুনউকে নিয়ে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী প্রায় ১০ ঘণ্টার ফ্লাইটে উঠেছিলেন এক মা। এটি ছিল শিশুটির প্রথম বিমানযাত্রা। তাই উড়োজাহাজে তার কান্নায় অন্য যাত্রীরা বিরক্ত হতে পারেন—এমন আশঙ্কা থেকেই আগেভাগে অভিনব উদ্যোগ নেন তিনি।
ফ্লাইটে থাকা ২০০-এর বেশি যাত্রীর জন্য তিনি ছোট ছোট গুডি ব্যাগ প্রস্তুত করেন। প্রতিটি ব্যাগে ছিল কোরিয়ান মিষ্টি, ইয়ারপ্লাগ এবং শিশুটির পক্ষ থেকে লেখা একটি চিঠি।
চিঠিতে শিশুটির পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশে জানানো হয়, এটি তার প্রথম বিমানযাত্রা এবং সে হয়তো কান্নাকাটি করে অন্যদের কিছুটা অসুবিধায় ফেলতে পারে। এ জন্য আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয় এবং ইয়ারপ্লাগ ব্যবহারের অনুরোধ করা হয়।
তবে মজার বিষয় হলো, মায়ের আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়নি। পুরো প্রায় ১০ ঘণ্টার যাত্রায় জুনউ প্রায় কোনো শব্দই করেনি। ফলে শিশুটিকে ঘিরে মায়ের আগাম প্রস্তুতি শেষ পর্যন্ত পরিণত হয়েছে যাত্রীদের জন্য এক মিষ্টি ও স্মরণীয় অভিজ্ঞতায়।
