ময়মনসিংহ মেডিকেলে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেলে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিভাগীয় কমিশনার বলেন, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা অসত্য। হাসপাতালের জরুরি বিভাগে থাকা দুজনের মরদেহ স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যুর। এ ছাড়া আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রাত ১টার দিকে হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্যসচিব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিও সাংবাদিকদের জানান, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর গণমাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

তিনি বলেন, মৃতদের তালিকায় জাহানারা নামে যে নারীর নাম এসেছে, তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর দুজন স্বাভাবিক রোগী হিসেবে মারা গেছেন। ফলে পদদলিত হয়ে মৃত্যুর খবরটি ভিত্তিহীন।

এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর খবর প্রচার করা হয়।

সোমবার বিকাল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুন লাগে। এতে লিফটের ভেতরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং আগুন আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আতঙ্কের মধ্যে হাসপাতালের রোগী ও স্বজনরা হুড়োহুড়ি করে ভবন থেকে রাস্তায় নেমে আসেন। এ সময় নিরাপত্তাকর্মীরা শিশু ও নারীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *