বন্ধুত্ব ও সংহতির বার্তা নিয়ে নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

বন্ধুত্ব ও সংহতির বার্তা নিয়ে নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছরের মার্চে নেপাল সফরে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, কাঠমান্ডুতে আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকে সম্ভাব্য এই সিরিজ নিয়ে আলোচনা হয়। পরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। সেখানে বাংলাদেশ দলের নেপাল সফর এবং দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে বিসিবি। নিহতদের স্মরণে সিরিজটি উৎসর্গ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বোর্ড।

বিসিবি জানিয়েছে, তিন ম্যাচের এই সিরিজ কেবল মাঠের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তাও ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।

নেপালের ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে।

বিসিবির মতে, এসব সহযোগিতার মাধ্যমে দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে পারস্পরিকভাবে উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *