চুয়াডাঙ্গায় রোগীর মৃত্যুতে ক্লিনিক ভাঙচুর, প্রতিবাদে ৪৮ ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিং হোমের অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যুর পর ক্লিনিক ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখা এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি।
সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলার সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকবে বলে পৃথক ঘোষণায় জানানো হয়েছে।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিং হোমের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা ওই দিন রাতে দুই দফায় ক্লিনিকটিতে ভাঙচুর চালান।
ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন বিএমএ এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. হাসানুজ্জামান নূপুর এবং জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে এ কর্মসূচির আওতায় সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
