ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে, দুর্ভোগে নগরবাসী

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে, দুর্ভোগে নগরবাসী

রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ নগরবাসী।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে মুষলধারে বৃষ্টির কারণে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, মতিঝিল, নিউমার্কেট, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, আরামবাগ ও গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমেছে।

কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। পানির কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। অনেক চালককে গাড়ি ও রিকশা ঠেলে নিয়ে যেতে হয়েছে।

জলাবদ্ধতার কারণে ফুটপাত দিয়েও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা। অতিরিক্ত ভাড়া চাইলেও অনেক সড়কে পানি বেশি থাকায় রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হচ্ছে। দোকানপাটে পানি ঢোকার আশঙ্কায় ব্যবসায়ীরা মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

রামপুরার বাসিন্দা মহিমা আক্তার বলেন, বৃষ্টির পর রাস্তায় পানি জমে যাওয়ায় সকাল থেকেই চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় অল্প দূরত্বের পথ পাড়ি দিতেও অনেক বেশি সময় লাগছে।

মৌচাক এলাকার পথচারী লিটন মাহমুদ বলেন, সড়কে পানি জমে থাকায় হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। যানজটের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।

মতিঝিলের পথচারী সাজেদুর রহমান বলেন, ভোরে বৃষ্টি হলেও এখনো অনেক জায়গায় পানি জমে আছে। কোথাও কোথাও হাঁটুপানি রয়েছে। এতে অফিসপাড়ায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে জলাবদ্ধতার কারণে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকেই সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে পানি জমে থাকায় তাঁরাও দুর্ভোগে পড়েছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মামুনুর রশীদ বলেন, বৃষ্টির পর মালিবাগ, মৌচাক, কাকরাইল ও খিলগাঁও এলাকার সড়কে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতির কারণে যান চলাচল প্রায় সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এমনকি অনেক সড়কের এক লেন দিয়েও যান চলাচল করানো যাচ্ছে না।

তিনি বলেন, পানি নিষ্কাশনের জন্য সিটি করপোরেশনকে ম্যানহোলের ঢাকনা খোলা ও ড্রেন পরিষ্কারের অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে জলাবদ্ধতা নিরসনে মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইমার্জেন্সি রেসপন্স টিম ও পরিচ্ছন্নতাকর্মীরা।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, রোববার ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টির কারণে সংস্থার আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তি দ্রুত কমাতে ভোর থেকেই পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে কাজ করছে।

তিনি বলেন, ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর করে দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে রয়েছেন।

ডিএসসিসি নগরবাসীকে জলমগ্ন সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে। বিশেষ করে উন্মুক্ত বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পোল, ম্যানহোল ও খোলা ড্রেন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *