আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, জানাল কুমিল্লা পুলিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নিতেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, তা উদঘাটন করা সম্ভব হয়েছে। আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
তিনি জানান, অপ্রতিম হত্যার ঘটনায় প্রথমে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
