ছুরি ঠেকিয়ে রিকশা যাত্রীকে ছিনতাই, পকেট কাটার ভিডিও ভাইরাল
রিকশা থামিয়ে এক যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার পর প্যান্টের পকেট কাটার চেষ্টা করেছেন দুই ছিনতাইকারী। এ সময় একজন ছুরি হাতে যাত্রীর দিকে তাক করে রাখেন আর অন্যজন ছুরি দিয়ে তার পকেট কাটতে থাকেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেন এলাকার এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, দুই ছিনতাইকারী একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছেন। পরে যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু একটা বের করার চেষ্টা করেন তারা। এ সময় ওই যাত্রীকে বারবার বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’
তবে যাত্রী নড়াচড়া করায় একপর্যায়ে তার বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। এরপর ছুরি দিয়ে যাত্রীর প্যান্টের ডান পকেট কাটতে শুরু করেন তিনি। অন্য ছিনতাইকারী তখন যাত্রীর দিকে ছুরি তাক করে দাঁড়িয়ে ছিলেন।
ঘটনার সময় রিকশাচালক দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি চুপচাপ দেখছিলেন। দুই ছিনতাইকারী যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মুঠোফোনসহ বিভিন্ন মালামাল নেয়ার সময় আশপাশের কয়েকজন বাসিন্দাও বিষয়টি দেখতে পান। পরে তারা ভবনের ওপর থেকে ‘এই, এই, মার-মার’ বলে চিৎকার শুরু করেন।
বাসিন্দাদের চিৎকার শুনে ছিনতাইকারীরা অপর একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ ঘটনাটি ঠিক কোন সময়ে ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন,‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনও ভুক্তভোগী থানায় আসেননি। বিষয়টি জানার পর আমরা এলাকায় টহল জোরদার করেছি।’
