সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময়ে ওই বাবা তাঁর তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে তিন শিশুর মরদেহ দেখতে পায়। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি আরও জানান, নিহত শিশুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
