আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
১১–দলীয় ঐক্যের রংপুরমুখী লংমার্চের আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বিরোধী দলের দাবি আট দফা থেকে নয় দফা বা দশ দফায় রূপ নিতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় তা এক দফায় পরিণত হতে পারে। আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সরকারকে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি না মানলে কোনো ধরনের চোখরাঙানি কাজে আসবে না। বিরোধী দল কোনো কিছুতেই পরোয়া করবে না।
চট্টগ্রামমুখী লংমার্চ সফল হওয়ার পর কয়েকজনের ‘মাথা গরম হয়ে গেছে’ মন্তব্য করে শফিকুর রহমান বলেন, গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তিনি হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বিরোধী দল কোনো নির্দিষ্ট দলের দাবি নিয়ে আন্দোলনে নামেনি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। আজ ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব, ইনশা আল্লাহ।’
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রংপুরমুখী লংমার্চকে কেন্দ্র করে দেশব্যাপী জনসম্পৃক্ততা তৈরি হয়েছে। লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন ও লড়াই চলবে।
রংপুরের কর্মসূচিতে আট দফা দাবি
১১–দলীয় ঐক্যের রংপুরমুখী কর্মসূচিতে চট্টগ্রাম লংমার্চের ছয় দফার সঙ্গে আরও দুটি দাবি যুক্ত করা হয়েছে। নতুন দাবির মধ্যে রয়েছে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামমুখী লংমার্চে ছয় দফা দাবি তুলে ধরেছিল ১১ দল। দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
এ ছাড়া ১১–দলীয় ঐক্যের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ অক্টোবর খুলনা এবং ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
