বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়া নির্ধারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই হারে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়াও নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসে এ ভাড়া কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এ ছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বিআরটিএ সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে সব শ্রেণির ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়া নির্ধারণের মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *