বেলিংহামের সঙ্গে চুক্তি নবায়ন করছে রিয়াল
স্পোর্টস ডেস্ক
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা প্রত্যাশামতো না হলেও মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন জুড বেলিংহাম। ইংলিশ এই মিডফিল্ডারকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে তাঁর সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে স্প্যানিশ ক্লাবটি।
স্প্যানিশ সাংবাদিক মাতেও মোরেত্তোর বরাত দিয়ে রেডিও মার্কা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে সই করতে পারেন বেলিংহাম। দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এবং নতুন চুক্তির শর্ত নিয়ে প্রাথমিক সমঝোতাও হয়েছে বলে জানা গেছে। এখন আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষা।
বর্তমানে রিয়ালের সঙ্গে বেলিংহামের চুক্তির মেয়াদ ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত। ফলে এখনই চুক্তি নবায়ন না করলেও ক্লাবটির সামনে তাৎক্ষণিক কোনো ঝুঁকি ছিল না। তবে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের সাম্প্রতিক জটিলতার পর বেলিংহামের ক্ষেত্রেও আগেভাগে সিদ্ধান্ত নিতে চাইছে রিয়াল।
গত গ্রীষ্মে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন নিয়ে রিয়ালকে বেশ কিছুটা সময় আলোচনা করতে হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় নতুন শর্ত নিয়ে তাঁর অবস্থানও আলোচনায় প্রভাব ফেলেছিল। বেলিংহামকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করে একই ধরনের পরিস্থিতি এড়াতে চায় ক্লাবটি।
চলতি মৌসুমেও রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেলিংহাম। লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে খেলে ছয়টিতে শুরুর একাদশে ছিলেন তিনি। প্রতি ম্যাচে গড়ে ২.৪টি গুরুত্বপূর্ণ পাস দেওয়ার পাশাপাশি করেছেন তিন গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।
রিয়ালের আক্রমণাত্মক মিডফিল্ডে নিয়মিত হয়ে ওঠা বেলিংহামকে দীর্ঘমেয়াদে ধরে রাখতেই দ্রুত চুক্তি নবায়নের পথে এগোচ্ছে ক্লাবটি।
