ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রবল ও টানা বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীর সব জেলাকে দুর্যোগ এলাকা ঘোষণা করেছে গভর্নরের দপ্তর।

ব্যাংককের গভর্নর চাদচার্ত সিত্তিপান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে রাজধানীতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে।

বন্যার কারণে সেন্ট্রাল ব্যাংককের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী সোমকিদ ফিউকেনগাম এএফপিকে বলেন, তার বাড়ির নিচের সড়কে কোমরসমান পানি জমেছে। গত দুই দিন ধরে তিনি দোকান খুলতে তো পারছেনই না, এমনকি বাড়ির বাইরেও যেতে পারছেন না।

তিনি বলেন, ২০১১ সালের ভয়াবহ বন্যার তুলনায় এবারের পরিস্থিতি আরও খারাপ বলে মনে হচ্ছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভর্নর চাদচার্ত সিত্তিপান্ত জানান, ব্যাংককের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শিগগিরই বৃষ্টিপাত থামার সম্ভাবনাও নেই।

গভর্নর জানান, বন্যার পানি দ্রুত সরিয়ে নিতে পাম্প ব্যবহার করা হচ্ছে। তবে খালগুলো পানিতে পূর্ণ থাকায় পানি নিষ্কাশনে তেমন অগ্রগতি হচ্ছে না। এতে খালের তীরে বসবাসকারী মানুষও ঝুঁকিতে পড়েছেন।

এ পরিস্থিতিতে জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদের সাময়িকভাবে হাসপাতালে অবস্থানের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন গভর্নর।

উল্লেখ্য, ২০১১ সালে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই বন্যায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং লাখ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: এএফপি

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *