পানি সহযোগিতা নিয়ে কমিটি, ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে পানি সহযোগিতা ও পানি বণ্টন নিয়ে আলোচনা এগিয়ে নিতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। একই সঙ্গে আলোচনায় অংশ নিতে ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। এ বিষয়ে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন।
তিনি জানান, পানি সহযোগিতা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির সঙ্গে আলোচনায় অংশ নিতে ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় পক্ষের কাছে প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে, যাতে বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। এখন ভারতীয় পক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হলে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথও সহজ হবে।
তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এ ধরনের দ্বিপক্ষীয় বিষয়গুলোর সমাধান করতে হবে।
