শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের কম্পিউটার, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করতে হবে। এসব দক্ষতা ছাড়া ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হবে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবেই এ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। স্কুলে প্রবেশ করলেই তাঁর শিক্ষাজীবনের নানা স্মৃতি মনে পড়ে। স্কুলের সমাবেশ, ক্রিকেট খেলা ও গ্রন্থাগার ঘিরে শৈশবের স্মৃতি এখনো তাঁর হৃদয়ে অমলিন।

তিনি বলেন, মানুষ জীবনের অনেক ঘটনা ভুলে গেলেও স্কুলজীবনের স্মৃতি সহজে ভোলে না। এখনো তাঁর শিক্ষকদের নাম মনে আছে। স্কুলের দপ্তরিসহ বিভিন্নভাবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্মৃতিও তাঁর মনে অমলিন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্কুলটির পরিচালনা, উন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি তাঁর কাছে সবসময় গুরুত্বপূর্ণ।

কলেজিয়েট স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর নেই জেনে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রতিষ্ঠানটিতে কম্পিউটার ল্যাব না থাকায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সময়ে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। কলেজিয়েট স্কুলে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটিতে সাইকেল আরোহীদের চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *