রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, হামলায় নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁরা দেশের কোন জেলার বাসিন্দা এবং দেশে তাঁদের পরিবারের সদস্য কারা, তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহত চার বাংলাদেশি সৌদি আরবের কিং খালিদ হাসপাতালে আইসিইউতে রয়েছেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে সরকার। একই সঙ্গে আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এরই মধ্যে ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছে দেশ। এ ধরনের প্রাণহানি অত্যন্ত কষ্টদায়ক। সরকার আশা করে, এই বিপর্যয় ও হামলা বন্ধ হবে।
তিনি আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সৌদি আরবে বাংলাদেশি মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি বাংলাদেশিরা যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
রিয়াদগামী ফ্লাইট স্থগিত
হামলার পর রিয়াদগামী ফ্লাইট আপাতত স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হামলার সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না বা কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছে কোনো তথ্য নেই। হামলার খবর পাওয়ার পরপরই ফ্লাইট বন্ধ করা হয়েছে।
মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সেখানে কর্মরত বাংলাদেশিদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গেও আলোচনা করা হবে।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
