সৌদি আরবে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ হতাহত, ঢাকার উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশিসহ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি রয়েছে। দেশটিতে হামলা এবং এতে হতাহতের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এতে আরও বলা হয়, সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
