ইউরোপের ৩ দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি, সহায়তায় ব্র্যাক

ইউরোপের ৩ দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি, সহায়তায় ব্র্যাক

ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

ফেরত আসা এসব বাংলাদেশিকে জরুরি সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সংকটে পড়া এসব প্রবাসীকে জরুরি সহায়তা ও মানসিক কাউন্সেলিংয়ের পাশাপাশি নিরাপদে বাড়ি ফেরার জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের যৌথ সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়। এ সময় কর্মসূচি পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়।

তিনি আরও বলেন, ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়া নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ইউরোপ বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অনিয়মিতভাবে ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে ফেরত আসা ব্যক্তির সংখ্যা বেশি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *