স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফর করবেন। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কূটনীতির প্রসার এ সফরের মূল লক্ষ্য।
সফরকালে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের প্রথম পর্যায়ে আগামী ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘দৃঢ়তর অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্পেন সফর শেষে আগামী ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব জোরদার এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা খুঁজে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
যুক্তরাজ্যে সফরকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতির উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্বের নতুন সুযোগ অনুসন্ধান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
