সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ

নিজস্ব প্রতিবেদক

সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে ফিরছেন মো. শরীফ উদ্দিন। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করে নিয়েছে দুদক। আপিল বিভাগের চেম্বার আদালত দুদকের আবেদন মঞ্জুর করায় চাকরিতে পুনর্বহালে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন শরীফের আইনজীবীরা।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী পটুয়াখালী কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়।

এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করায় তিনি আলোচনায় আসেন। ওই সময় বিভিন্ন মহল থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি। তাঁর চাকরিচ্যুতির ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মচারীরা মানববন্ধনও করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। বিভিন্ন আইনি প্রক্রিয়া ও আপিল বিভাগের শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। তবে সম্প্রতি সংস্থাটি আপিলটি আর চালাতে চায় না জানিয়ে তা প্রত্যাহারের আবেদন করে। চেম্বার আদালত সেই আবেদন মঞ্জুর করায় হাইকোর্টের রায় বহাল রয়েছে। ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ সুগম হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *