পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের

পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে বেশি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন।

পাসের হারে ছাত্রীদের তুলনায় ছাত্ররা পিছিয়ে রয়েছেন ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট। ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

অন্যদিকে, এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। অর্থাৎ, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে রয়েছেন।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ৪২ শতাংশ কম।

জিপিএ-৫-এর ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। তাঁদের মধ্যে ছাত্র ১৮ হাজার ১৫৫ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯৩ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। তাঁদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন। এ বোর্ডে ছাত্রীদের সাফল্য বেশি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৮০ জন ছাত্র এবং ৭০৬ জন ছাত্রী।

শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। ২ জুলাই শুরু হওয়া পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এডুকেশন বোর্ড রেজাল্ট ও এডু বোর্ড রেজাল্ট ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতেও ফলাফল পাওয়া যাবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *