‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’
কক্সবাজার প্রতিনিধি
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে আটক ও গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিআইজি বলেন, ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়া যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেপ্তার করা হবে।’
অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ছেলে-মেয়েদের ওপর অভিভাবক ও শিক্ষকদের নিয়ন্ত্রণ কমে যাচ্ছে। যে বয়সে শিক্ষার্থীদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময়ে তাদের বিকেলে রাস্তায় ঘুরতে এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে শিস দিতে দেখা যায়। এসব কিশোরের অবক্ষয়ের পেছনে পারিবারিক শাসনের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং এই দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার শহরে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
