পরমাণু ইস্যুতে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

পরমাণু ইস্যুতে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ইরানের সাতটি শর্ত পূরণ করা হলেই কেবল প্রস্তাবটি নিয়ে আলোচনায় বসতে রাজি হবে তেহরান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের ক্ষমতাসীন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি যাচাই ও পর্যালোচনা করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে শুরু হতে পারে—এমন আশঙ্কার মধ্যে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের পর সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে, যুদ্ধ শুরু হলে আরও বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি রাখছে ইরান।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বৃহস্পতিবার রাশিয়া সফরকালে সাংবাদিকদের বলেন, কূটনৈতিক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে তেহরান। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেও বসবে না ইরান।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানসহ আরও কয়েকটি বিষয়।

অন্যদিকে, ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানে পাল্টা হামলা চালায় ইরান। একই সময়ে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে সংঘাত ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয়। সেখান থেকে ইরানঘনিষ্ঠ হুথিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সূত্র: আরব নিউজ ও রয়টার্স।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *