কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে তাঁর নিজ জেলা নেত্রকোনায় নানা আয়োজন করেছে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’। দিনটি ঘিরে লেখকের ভক্ত, পাঠক, লেখক ও সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে নেত্রকোনা শহর।
জন্মবার্ষিকী উপলক্ষে সকালে হলুদ পাঞ্জাবি পরে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে উৎসবে অংশ নেবেন ভক্তরা। সকাল সাড়ে ১০টায় লেখকের শিক্ষামূলক উক্তি সংবলিত টি-শার্ট বিতরণের আয়োজন রয়েছে। এরপর সকাল ১১টায় শহরের সাতপাই নদীর পাড়ের চক্ষু হাসপাতাল এলাকা থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে শোভাযাত্রাটি মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হবে।
দিনের আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী ও হুমায়ূন আহমেদের ভক্তরা তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তাঁর পরিচালিত সিনেমা ও নাটকের জনপ্রিয় গান পরিবেশন করা হবে।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। সেখানে বাবার নামে তিনি প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখা হুমায়ূন আহমেদ উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণে রেখে গেছেন স্বতন্ত্র পরিচয়। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকদের কাছে সমান জনপ্রিয়।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক। এরপর থেকে তাঁর জন্মদিনে নেত্রকোনায় হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে হিমু পাঠক আড্ডা।
