ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন, দাবি ইরানি সামরিক কর্মকর্তার

ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন, দাবি ইরানি সামরিক কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-২ প্রতিহত করা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার জন্য কঠিন বলে দাবি করেছেন দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তাঁর দাবি, উড্ডয়নের সময় একাধিক পদ্ধতি ব্যবহার করে গতিপথ পরিবর্তন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ফলে এটি কোথায় আঘাত হানবে, তা আগাম অনুমান করা প্রতিপক্ষের জন্য কঠিন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা বালালি সম্প্রতি ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ফাত্তাহ-২ কোনো নির্দিষ্ট অ্যালগরিদম অনুসরণ করে না। বরং একাধিক পদ্ধতি ব্যবহার করে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। এ কারণে প্রতিপক্ষের পক্ষে ক্ষেপণাস্ত্রটির পরবর্তী অবস্থান নির্ভুলভাবে অনুমান করা কঠিন। তাঁর দাবি, গতিপথ নির্ধারণ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এটিকে ধ্বংস করাও অত্যন্ত কঠিন।

বালালির ভাষ্য, প্রতিপক্ষের প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে এই অস্ত্র। হামলার দিক শনাক্ত করার আগেই এটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হতে পারে। তিনি ফাত্তাহ-২-এর প্রযুক্তিকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।

২০২৩ সালে প্রথমবারের মতো ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র সামনে আনে ইরান। তেহরানের দাবি, এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল (এইচজিভি) প্রযুক্তিনির্ভর। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এ ধরনের অস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ইরান-ইসরায়েল সংঘাতেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন ভিডিও ও তথ্য সামনে এসেছে। তবে ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কির বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক ১০ গতির ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রচলিত প্রতিরক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। এ ধরনের অস্ত্র মোকাবিলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল নতুন করে বিবেচনার প্রয়োজন রয়েছে।

ফাত্তাহ-২-এর সক্ষমতা নিয়ে ইরানের এসব দাবি আঞ্চলিক সামরিক ভারসাম্য ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা একেবারেই অসম্ভব—এমন দাবির পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *