বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন লাখো ব্যবহারকারী।

শুক্রবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইন্টারনেট সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাইক্রোসফটের সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ পাওয়া গেছে।

ডাউনডিটেক্টরের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সেবা স্বাভাবিক করতে আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিভ্রাটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট আউটলুক, টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, কোপাইলট ৩৬৫, প্ল্যানার ও এক্সচেঞ্জ অনলাইন। এসব সেবা মূলত ইমেইল আদান-প্রদান, ক্লাউডে ফাইল সংরক্ষণ ও বিনিময়, অনলাইন সভা এবং দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সেবার তালিকায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের সেবায় এ বিভ্রাটের প্রভাব পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে। ইমেইল আদান-প্রদান ছাড়াও বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ সেবা এবং পণ্য অর্ডারসংক্রান্ত ডিজিটাল কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সেবাকেন্দ্রও বাধ্য হয়ে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে মাইক্রোসফটের আউটলুক, টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবায় কয়েক ঘণ্টার জন্য একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *