শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে ফেরি চলাচল বন্ধ রেখেছেন চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারীরা ধর্মঘট শুরু করেছেন বলে জানা গেছে।

এর ফলে দুই পাড়ে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু।

সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান এর চালক। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে নৌপুলিশ।

দুর্ঘটনার ঘটনায় ফেরির মাস্টারকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ফেরি চলাচল বন্ধ করে দেন। শনিবার থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *