‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’, চিরকুট ঘিরে আতঙ্ক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বস্তুটির গায়ে পাওয়া গেছে একটি চিরকুট। তাতে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পরে পরীক্ষা করে এর ভেতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার নবীনপুর গ্রামের একটি খেলার মাঠের পাশে নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, পিলারের ওপর কালো টেপে মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটির গায়ে চিরকুট লাগানো ছিল। এতে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে হয়তো চিরকুটটি লিখেছেন। জর্দার কৌটা দিয়ে বোমাসদৃশ বস্তু তৈরি করে তাতে চিরকুট লাগানো হয়েছে। আলোচনা তৈরি করাই এর উদ্দেশ্য হতে পারে। তবে এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি আরও জানান, বস্তুটি নিষ্ক্রিয় করার সময় দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নেই।
এ বিষয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, প্রেমের গল্পে সাধারণত তৃতীয় পক্ষের উপস্থিতি প্রেমিক-প্রেমিকারা পছন্দ করেন না। সে কারণে কেউ হয়তো এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
ভয় দেখানো কিংবা আলোচনায় আসার উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে কি না, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। বিষয়টি পুলিশের তদন্তের আওতায় রয়েছে।
