নুসরাত ফারিয়া গ্রেপ্তার ফারুকীর মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

নুসরাত ফারিয়া গ্রেপ্তার ফারুকীর মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ইস্যুটি। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও সমর্থন করতে পারছেন না এটি। নুসরাতের গ্রেপ্তারের বিষয়টিকে সরকারের জন্য ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন তিনি। এবার ফারুকীর এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ নিয়ে তিনি বলেছেন, সংস্কৃতি উপদেষ্টা কি বলেছেন, জানি না। তিনি যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটি নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করে, সে ব্যবস্থা অবশ্যই নেব। তার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে ইনভেস্টিগেশন শেষ হয়নি। 

নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটকের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, তার নামে মামলা থাকলে আপনি কি করবেন? বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন। বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে, তাদের আটকানো হয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামী ২২মে ফের তার জামিন শুনানির জন্যে দিন ধার্য করা হয়।

এর আগে, থাইল্যান্ড যাওয়ার সময় গত রোববার (১৮ মে) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *