দাঁড়িয়ে থাকা রিকশায় পিকআপের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত

দাঁড়িয়ে থাকা রিকশায় পিকআপের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত

সিলেট নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িয়ে থাকা একটি রিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাহিমা খানম জেসি নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকও। রোববার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের আবু নছরের মেয়ে।

আহত রিকশাচালকের নাম জাকিরুল ইসলাম (৪০)। তিনি সিলেট নগরের চৌকিদেখি এলাকার তাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা রিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী জেসি ও চালক জাকিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্টার্ন চিকিৎসক জেসি মারা যান।

সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপ ভ্যান আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *