সহকর্মী ফোন করেন ৯৯৯ নম্বরে, অতঃপর ভাটারা থেকে উদ্ধার অপহৃত

সহকর্মী ফোন করেন ৯৯৯ নম্বরে, অতঃপর ভাটারা থেকে উদ্ধার অপহৃত

অপহরণের শিকার ব্যক্তিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে রাজধানীর ভাটারা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার জানান, শনিবার রাত ৯টায় রাকিব নামে একজন কলার ভুলতা থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি এনজেড ফ্যাব্রিক্সে কাজ করেন। তার একজন সহকর্মী সাভার হেমায়েতপুরে একটি ফ্যাক্টরি ভিজিটে গিয়ে কোনো এক স্থান থেকে অপহরণের শিকার হন। অপহরণকারীরা ভুক্তভোগীর বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। কিছুক্ষণ আগে অপহৃত সহকর্মী তাকে ফোন করে বলেন, তিনি অনেক বড় বিপদে আছেন, দ্রুত মোবাইল ব্যাংকিং মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করতে বলেন। অপহৃত আরও জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস-স্ট্যান্ডের কাছে একটি বাসায় তাকে আটকে রাখা হয়েছে। কলার তার সহকর্মীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

তিনি আরও জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. সাজিদুল ইসলাম। কনস্টেবল সাজিদ তাৎক্ষণিকভাবে ঢাকার ভাটারা থানায় বিষয়টি জানা, অপহৃতকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভাটারা থানা অপহৃতের অবস্থান সনাক্ত করে কুড়িল বিশ্বরোডের একটি বাড়ি থেকে আহত অবস্থায় অপহৃত মনির (৩৫) কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *