অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার চারজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মামলার তদন্ত দ্রুত শেষ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একসঙ্গে আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স নিয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

ঘটনার সময় খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে পাওয়া গেছে। মামলার প্রয়োজনীয় আরও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কার্যক্রম চলছে।

তিনি জানান, পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং দাফনও করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে।

রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *