অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.) এবং লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.)।
সোমবার (১২ অক্টোবর) ডিবি সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
