চুয়েটে শাটডাউন চলাকালে তালা ভেঙে দপ্তরে প্রবেশ নতুন উপাচার্যের
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে মাইক্রোবাসে করে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। পরে ক্যাম্পাস শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব জানান, নতুন উপাচার্য শিক্ষক পরিচয়ে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর তিনি তালা ভেঙে উপাচার্যের কার্যালয়ে ঢোকেন।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে অর্ণব বলেন, তাঁরা উপাচার্যের কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তাঁকে সম্মানের সঙ্গে পদত্যাগের অনুরোধ জানানো হবে। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগকে কেন্দ্র করেই চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এর আগে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত টানা ২০ দিন ধরে চুয়েটে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এদিকে, উপাচার্যের তালা ভেঙে দপ্তরে প্রবেশের বিষয়ে বক্তব্য জানতে চুয়েট শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক সামিউন বশীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
