আইসিসির শাস্তি পেল টাইগাররা

আইসিসির শাস্তি পেল টাইগাররা

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরালেও শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। স্লো-ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাস্তি দিয়েছে স্বাগতিকদের।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করে বাংলাদেশ। এ কারণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এই অভিযোগ আনেন। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পে-ক্রাফট শাস্তির বিষয়টি নিশ্চিত করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ জরিমানা আরোপ করা হয়। সেই হিসাবে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। অধিনায়ক মিরাজ দোষ স্বীকার করায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচ চলাকালেও ধীরগতির প্রভাব দেখা যায়। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৭ ওভারের পর আম্পায়াররা স্লো-ওভার রেটের সংকেত দেন। ফলে শেষ তিন ওভারে বাংলাদেশকে বৃত্তের ভেতরে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে বাধ্য করা হয়, যা বোলিংয়ের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তবুও বাংলাদেশ ৪৮.৪ ওভারে কিউইদের ১৯৮ রানে অলআউট করতে সক্ষম হয়।

পরে লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। পাঁচ উইকেট শিকার করে ম্যাচসেরা হন নাহিদ রানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *