ইতালিতে হেনস্তা: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয় বাঁধনকে

ইতালিতে হেনস্তা: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয় বাঁধনকে

বিনোদন ডেস্ক

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত বাঁধন জানিয়েছেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওবার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই অভিনেত্রী।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, তিনি তার ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। একপর্যায়ে তার গায়েও হাত তোলা হয় এবং ফোন ফেলে দেওয়া হয়। এ সময় তার কানের কাছেও আঘাত করা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাকে হেনস্তার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ওই ভিডিওতে এক ব্যক্তিকে বাঁধনকে ‘জুলাই যোদ্ধা’ আখ্যা দিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন বলেন, ‘তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক বলে পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। পরে এসব দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও লাইভ করা হয় বলেও জানান তিনি।

বাঁধন বলেন, তিনি বাংলাদেশ থেকে যে সিনেমাটি নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। তার বাবাও বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী ছিলেন বলে উল্লেখ করেন অভিনেত্রী। জুলাইয়ের আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে জানান।

ঘটনার পর বাঁধন হামলাকারীদের এমন আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক অবস্থান পুনর্গঠন করা সম্ভব নয়।

এদিকে, ঘটনার পর ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। ওই সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। তার সেই রাজনৈতিক অবস্থানের জেরেই ভেনিসে এ হেনস্তার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *