ইরান যুদ্ধে চীনের সাহায্যের দরকার নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির সংকটের মধ্যেই চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান ইস্যুতে চীনের কোনো সহায়তার প্রয়োজন নেই ওয়াশিংটনের।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি না ইরান ইস্যুতে আমাদের কোনো সাহায্যের দরকার আছে। তিনি আরও দাবি করেন, ‘যেভাবেই হোক, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে।’
বর্তমানে হরমুজ প্রণালির পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয়েছে। ওই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।
চীন সফরের আগে ইরান ইস্যুতে কিছুটা পরস্পরবিরোধী বক্তব্যও দেন ট্রাম্প। তিনি বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে মন্তব্য করে বলেন, ইরান ইস্যুতে তিনি তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিলেন। তবে কিছুক্ষণ পরই ট্রাম্প আবার বলেন, ইরান বড় বিষয় নয়, কারণ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
ট্রাম্পের তিন দিনের এই চীন সফরে মূল আলোচনার বিষয় হবে বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং বৈশ্বিক নিরাপত্তা। সফরের দ্বিতীয় দিনে তিনি শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শুল্কনীতি, প্রযুক্তি প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বড় সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে ওয়াশিংটন চাইছে, চীন ইরানের ওপর প্রভাব ব্যবহার করে হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা রাখুক। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান সংকটে চীনের সহায়তা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয়।
সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানা গেছে।
