ইসলামাবাদে বসছে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। এবারের আয়োজনে অংশ নিতে বাংলাদেশসহ ৬৮টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যদেশ এবং সংস্থার বাইরের আরও ১১টি দেশ।
গত শনিবার পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ওআইসিভুক্ত ৫৭টি দেশের পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপের প্রখ্যাত ক্বারিদের মনোনয়ন পাঠাতে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১টি দেশের ক্বারিদের মনোনয়ন পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। অন্যদিকে, স্বাগতিক পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।
প্রতিযোগিতা আয়োজনের জন্য ভ্রমণ, প্রশাসনিক ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার আয়োজন করে পাকিস্তান। ওই আসরে ওআইসিভুক্ত ৪০টির বেশি দেশের ক্বারিরা অংশ নেন।
আয়োজকদের মতে, পবিত্র কোরআন তিলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কোরআনিক জ্ঞানের সঙ্গে মানুষের সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে জ্ঞান ও শিল্পকলার বিনিময় ঘটানোই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।
পাশাপাশি ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য জোরদার করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
