ইসলাম গ্রহণের খবর, সত্যিই কি মুসলিম হলেন রবার্তো কার্লোস?

ইসলাম গ্রহণের খবর, সত্যিই কি মুসলিম হলেন রবার্তো কার্লোস?

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমে। পরে বিষয়টি বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত সাবেক এই ব্রাজিলিয়ান তারকা নিজে বিষয়টি নিশ্চিত করেননি।

তুরস্কের ‘হাবেরলার’সহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।

প্রতিবেদনগুলোতে বলা হয়, কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হামাদার আগে থেকেই যোগাযোগ ছিল। ব্রাজিলে তাঁদের সাক্ষাতের সময়ই কার্লোস ইসলাম গ্রহণের ঘোষণা দেন বলে দাবি করা হয়েছে।

তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত রবার্তো কার্লোসের কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

যেভাবে ছড়াল খবর

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নতুন করে আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর।

সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর শাহিন জানান, শেখ জিহাদ হামাদা তাঁকে বলেছেন—রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন কার্লোস।

শাহিন কার্লোসকে অভিনন্দন জানিয়ে তাঁর ও পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তিনি শেখ জিহাদ হামাদাকে মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির একজন বলেও উল্লেখ করেন।

মরক্কোর নারীকে বিয়ের পরই গুঞ্জন

কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি সামনে এসেছে তাঁর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরুর মধ্যেই। সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত সুহাইলা এল তাহিরিকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের ছবিও ছড়িয়ে পড়ে।

তবে তাঁদের সম্পর্ক ও বিয়ের খবর নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাঁদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সুহাইলা এল তাহিরি ফিফা অনুমোদিত ফুটবল এজেন্ট হিসেবে কাজ করেন। ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও বিভিন্ন প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত।

কার্লোসের ইসলাম গ্রহণের পেছনে তাঁর নতুন স্ত্রীর ভূমিকা রয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা থাকলেও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অনিশ্চিত

রবার্তো কার্লোস ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ বহু শিরোপা জিতেছেন। তুরস্কের ফেনারবাহচের হয়েও খেলেছেন তিনি।

তাই তুরস্কের সংবাদমাধ্যমে তাঁর ইসলাম গ্রহণের খবর প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে শেখ জিহাদ হামাদা ও তুরস্কের এমপি আলি শাহিনের বক্তব্যের ওপর ভিত্তি করেই খবরটি প্রকাশিত হয়েছে। রবার্তো কার্লোস নিজে বিষয়টি নিশ্চিত না করায় আপাতত এটিকে দাবি বা গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *