ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিংবদন্তি রবের্তো কার্লোস, দাবি তুরস্কের সংবাদমাধ্যমের

ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিংবদন্তি রবের্তো কার্লোস, দাবি তুরস্কের সংবাদমাধ্যমের

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবের্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি করেছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যম। তবে বিষয়টি এখনো গুঞ্জন বা দাবির পর্যায়েই রয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি ৫৩ বছর বয়সী সাবেক এই তারকা ডিফেন্ডার।

তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন কার্লোস।

প্রতিবেদনগুলোতে বলা হয়, শেখ জিহাদ হামাদার সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তাঁর সঙ্গে দেখা করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার। ওই সাক্ষাতেই তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করা হয়েছে।

কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পেছনে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও আলোচনায় এসেছে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পর এক্সে দেওয়া পোস্টে শাহিন জানান, সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে তাঁর দেখা হয়েছে। হামাদাকে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ ব্যক্তির একজন বলেও উল্লেখ করেন তিনি।

শাহিনের দাবি, শেখ হামাদা তাঁকে জানিয়েছেন, কার্লোস দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে সাক্ষাতের সময়ই কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে হামাদা তাঁকে জানিয়েছেন।

এদিকে কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিয়ের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, স্প্যানিশ-মরোক্কান বংশোদ্ভূত সোহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন কার্লোস। গত ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সোহাইলা এল তাহিরি ফিফা অনুমোদিত ফুটবল এজেন্ট হিসেবে খেলোয়াড়দের ক্যারিয়ার ও পেশাগত বিষয় নিয়ে কাজ করেন। চলতি বছরের জানুয়ারিতে কার্লোসের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর কেউ কেউ দাবি করছেন, কার্লোসের ইসলাম গ্রহণের পেছনে তাঁর নতুন স্ত্রীর ভূমিকা থাকতে পারে।

তবে তুরস্কের সংবাদমাধ্যম ও এমপি আলী শাহিনের দাবি ছাড়া রবের্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য বা তাঁর নিজের বক্তব্য পাওয়া যায়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *