‘এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না’

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না’

বিনোদন ডেস্ক

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী এখনো বিয়ে করেননি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ে নিয়ে নিজের ভাবনাতেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রাইমা।

কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে রাইমা বলেন, ‘আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

রাইমার বিয়ে না করা নিয়ে আগে মা মুনমুন সেনের চিন্তা থাকলেও এখন পরিস্থিতি বদলেছে। এ বিষয়ে রাইমা বলেন, ‘আগে করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

তবে মা হওয়ার ইচ্ছা একেবারেই নেই—এমনটাও বলছেন না রাইমা। সন্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’

ভবিষ্যতের কথা ভেবে অনেক আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছেন বলেও জানান রাইমা। তার ভাষায়, ‘একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’

এদিকে রাইমাকে সামনে দেখা যাবে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *