এনসিএল টি-টোয়েন্টির বদলে নতুন টুর্নামেন্ট, নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ানোর সম্ভাবনার মধ্যে দেশের ক্রিকেটের ঘরোয়া টি-টোয়েন্টি কাঠামোয় নতুনত্ব আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত এনসিএল টি-টোয়েন্টির পরিবর্তে নতুন নামে একটি জমকালো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বোর্ড। সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে ‘বাংলাদেশ ফার্স্ট’।
প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়া এনসিএল টি-টোয়েন্টি থেকে গত কয়েক আসরে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছেন। ফলে জাতীয় দলের পাইপলাইন তৈরিতে টুর্নামেন্টটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এবার এনসিএল টি-টোয়েন্টির নামে কোনো টুর্নামেন্ট আয়োজন না করে নতুন কাঠামোয় প্রতিযোগিতা আয়োজন করতে চায় বিসিবি।
বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে জানিয়েছেন, এনসিএলের নামে এবার কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকছে না। নতুন নামের সন্ধানে রয়েছে বোর্ড। সম্ভাব্য নাম হিসেবে ‘বাংলাদেশ ফার্স্ট’ বিবেচনা করা হচ্ছে।
নতুন এই টুর্নামেন্টে বিভাগভিত্তিক কোনো দল থাকবে না। থাকবে মোট ছয়টি দল। প্রতিটি দল কোনো প্রতিষ্ঠান কিনে নিলে প্রতিষ্ঠানটি নিজেদের পছন্দ অনুযায়ী দলের নাম দিতে পারবে। তবে চার দিনের এনসিএল যথারীতি বিভাগভিত্তিক দল নিয়ে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে চার দিনের এনসিএল, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের প্রতিযোগিতার চুক্তি সম্পন্ন করেছে বিসিবি।
এই তিনটি টুর্নামেন্ট আয়োজন করতে খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হতো। নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ছয় ফ্র্যাঞ্চাইজি থেকে প্রায় ১৫ কোটি টাকা স্পনসরশিপ পাওয়ার আশা করছে বিসিবি। তবে দল কিনলেও লজিস্টিকসহ অন্যান্য আর্থিক ও সাংগঠনিক বিষয় বোর্ডই দেখভাল করবে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে। এর আগে অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট।
প্রথম আসরে কোনো বিদেশি ক্রিকেটার থাকবেন না। তবে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা গেলে দ্বিতীয় আসর থেকে বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বিসিবির।
