নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। নিখোঁজদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপাল পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) উদ্ধার অভিযানের পঞ্চম দিনে পুলিশ এ তথ্য জানায়। কর্মকর্তারা বলছেন, কাদামাটির পুরু স্তরের নিচে এখনো বহু মরদেহ আটকে রয়েছে। ফলে উদ্ধারকাজ শেষ করতে আরও সময় লাগতে পারে।
আকস্মিক বন্যায় নেপালের আটটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চিতোয়ান থেকে ২৭২টি, নওয়ালপারসি পূর্ব থেকে ২০৭টি, নওয়ালপারসি পশ্চিম থেকে ১৫১টি এবং গোর্খা জেলা থেকে ৬২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া নুয়াকোটে ৯৫টি, ধাদিঙে ৫৫টি, তানাহুতে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি মরদেহ পাওয়া গেছে।
বন্যার পানির প্রবল স্রোতে অনেক মরদেহ মূল ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে গেছে। এতে উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।
উদ্ধার করা মরদেহগুলোর অনেকগুলোর অবস্থা এমন যে চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই কর্তৃপক্ষ ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এদিকে মর্গগুলোতে মরদেহ রাখার জায়গা সংকট দেখা দিয়েছে। অস্থায়ীভাবে বিভিন্ন ভবনে মরদেহ সংরক্ষণের ব্যবস্থা করা হলেও দীর্ঘমেয়াদি সংরক্ষণের পর্যাপ্ত অবকাঠামো নেই।
এ পরিস্থিতিতে পর্যাপ্ত তথ্য সংগ্রহের পর অশনাক্ত মরদেহ গণকবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।
তিব্বতেও ব্যাপক ক্ষয়ক্ষতি
নেপালের সীমান্তের ওপারে চীনের তিব্বতেও আকস্মিক বন্যার ব্যাপক প্রভাব পড়েছে। চীনের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৪৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
তামিলনাড়ুর একটি ভ্রমণ সংস্থা জানিয়েছে, তাদের ৪৯ সদস্যের একটি পর্যটক দল কৈলাস-মানস সরোবর ভ্রমণে গিয়েছিল। বুধবারের বিপর্যয়ের পর থেকে তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ছাড়া কলকাতার ৩২ সদস্যের একটি পর্যটক দলও নেপালে নিখোঁজ রয়েছে। পশ্চিমবঙ্গের আরও কয়েকজনসহ মোট ৩৭ জন ভারতীয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে পর্যটকদের পাশাপাশি নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক, সেনা ও পুলিশ সদস্যও রয়েছেন।
বন্যার পর নেপালের বিভিন্ন হাসপাতালে নিখোঁজ স্বজনদের খুঁজতে মানুষের ভিড় বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রশাসনকে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে।
