কয়লা খনিতে ডেটোনেটর বিস্ফোরণ, উড়ে গেলো শিশুর কবজি

কয়লা খনিতে ডেটোনেটর বিস্ফোরণ, উড়ে গেলো শিশুর কবজি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশে পাওয়া পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস (ডেটোনেটর) বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কবজি উড়ে গেছে। মঙ্গলবার বড়পুকুরিয়া কয়লাখনির পাশে চৌহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৯ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক।

আহত শিশুর নাম ইলিয়াস আলী (১০)। সে চৌহাটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। শিশুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইলিয়াস আলী কয়লাখনির ডাম্পিং এলাকা থেকে একটি ধাতব বস্তু পেয়ে বাড়ি নিয়ে যায়। পরে বস্তুটিকে মোবাইলের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা যায়, কয়লা খনির প্রাচীর ঘেঁষে তারকাটা দিয়ে ঘেরা খনির ডাম্পিং এরিয়া। এখানে খনির বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। কিন্তু বর্জ্য থেকে কয়লার সন্ধানে এলাকার লোকজন ওই ডাম্পিংয়ে প্রবেশ করে কয়লা সংগ্রহ করে। এসব বর্জ্য এর সঙ্গে অনেক সময় মেলে এক্সপ্লোসিভ ডিভাইস। শিশুটি এ ডাম্পিং পয়েন্ট থেকে কয়লা সংগ্রহ করার সময় এক্সপ্লোসিভ ডিভাইস পায়। সেটি সে বাসায় নিয়ে মোবাইলের পরিত্যক্ত ব্যাটারির সঙ্গে যুক্ত করে খেলা করছিল। এ সময় বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, এটি ডেটোনেটর। খনির ভূগর্ভে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বিস্ফোরণের কাজে ব্যবহার হয়। এগুলো খুবই স্পর্শকাতর। কোনটি অকেজো এবং কোনটি তাজা তা সাধারণভাবে কেউ বুঝতে পারার কথা নয়। ঘটনা জানার পর আমরা ৪ সদস্যের তদন্ত কমিটি করেছি।

আহত শিশুকে ও তার পরিবারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো বলেও জানান বড়পুকুরিয়া কয়লা খনির এ কর্মকর্তা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *