কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, এনবিআরের সতর্কতা

কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, এনবিআরের সতর্কতা

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র সম্পর্কে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংস্থাটি বলেছে, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারকচক্র অভিনব কৌশলে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সরকারের নির্দেশনা অনুসারে এনবিআরে শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগে কিছু প্রতারক চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে মিথ্যা প্রচার করে অর্থ হাতিয়ে নেওয়াই এসব চক্রের মূল উদ্দেশ্য। আবার যারা যোগ্যতার অভাবে চাকরি পাবেন না, তাদের কারও কারও কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিয়ে প্রতারণার বিশ্বাসযোগ্যতা তৈরি করার কৌশলও তারা অবলম্বন করতে পারে।

এনবিআর বলছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে। চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো চক্রের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা এনবিআরের জনসংযোগ কর্মকর্তাকে জানাতে হবে। একই সঙ্গে চাকরিপ্রার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *