কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ও ইটের স্তূপ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল এবং ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দক্ষিণ চরপুমদী এলাকার সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ ইটভাটার একটি দেয়াল ও দেয়ালের ওপর সাজিয়ে রাখা ইটের সারি ভেঙে শ্রমিকদের ওপর পড়ে। এতে চার শ্রমিক চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে চার শ্রমিককে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই উৎপল ও গোলাপ মিয়ার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
