গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনুকূল আবহাওয়ার সুযোগে গ্রিসের উপকূলের দিকে অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা বেড়েছে। এর মধ্যে দেশটির ক্রিট দ্বীপের দক্ষিণে সোমবার রাতে চারটি পৃথক অভিযানে ১৯৫ জন অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করেছে গ্রিক কোস্টগার্ড।

সর্বশেষ অভিযানে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের একটি চালকবিহীন আকাশযানের মাধ্যমে একটি নৌকার অবস্থান শনাক্ত করা হয়। নৌকাটিতে ৫০ জন অভিবাসী ছিলেন। পরে ক্রিটের কাল্লি লিমেনেস এলাকার প্রায় ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে গ্রিক কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ তাদের উদ্ধার করে। এ সময় আবহাওয়া অনুকূলে ছিল।

এর আগে একই এলাকার প্রায় ৪২ নটিক্যাল মাইল দক্ষিণে পরিচালিত আরেক অভিযানে ৬৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের একটি জাহাজ তাদের উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে যায়।

এ ছাড়া আগিয়া গালিনির দক্ষিণে আরও দুটি অভিযান চালানো হয়। প্রতিটি অভিযানে ৪০ জন করে মোট ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। ফ্রন্টেক্সের আকাশযানের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের পর কোস্টগার্ড তাদের নিরাপদে আগিয়া গালিনি বন্দরে নিয়ে যায়। তখন আবহাওয়া তুলনামূলক ভালো ছিল এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল বিউফোর্ট স্কেলে ৫।

চারটি অভিযানে কয়েক ঘণ্টার ব্যবধানে মোট ১৯৫ জন অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী বা শিশু রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের গ্রিসের মূল ভূখণ্ডে স্থানান্তরের ক্ষেত্রে নির্ধারিত প্রোটোকল অনুসরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের প্রথম সাত মাসে দেশটিতে আশ্রয়প্রার্থীদের আগমন আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশের বেশি কমেছে।

তবে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে গ্রিস এখনো অভিবাসনপ্রত্যাশীদের কাছে গুরুত্বপূর্ণ। গাভদোস, ক্রিট এবং পূর্ব এজিয়ান সাগরের বিভিন্ন গ্রিক দ্বীপ উত্তর আফ্রিকা ও তুরস্ক থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা মানুষের উল্লেখযোগ্য গন্তব্য হয়ে উঠেছে।

সূত্র: এএফপি, ইনফোমাইগ্র্যান্টস

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *