নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়া, এমপি। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে সম্পৃক্ত করতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করা হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বাড়াতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে নারী ক্রীড়াবিদদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের হয়রানি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়।

দুর্নীতি ও নিম্নমানের কাজে কড়া হুঁশিয়ারি

মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সেজন্য যথাযথ নজরদারি ও কঠোর মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার তাগিদ দিয়েছে কমিটি।

বৈঠকে কমিটির সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ এবং আহতদের প্রতি সমবেদনা জানান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া বৈঠকে কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রধানদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মো. ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও মো. আতাউর রহমান অংশ নেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *